প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পৃথক অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় সদর মডেল থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৪৭ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১১ জুলাই (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুইশা ডাঙ্গা এলাকায় প্রথম অভিযানটি চালায়। সেখান থেকে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় চোলাই মদসহ বিকাশ চন্দ্র (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিকাশ চন্দ্র নওগাঁর হাপানিয়া এলাকার একে নাথের ছেলে।
এদিকে, সদর থানা পুলিশের অপর একটি দল শহরের নুনিয়া পট্টি এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। এই অভিযানে ৭ (সাত) লিটার দেশীয় চোলাই মদসহ শ্রী কার্তিক মহন্ত (৩৮) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁর চকদেব নুনিয়া পাড়া এলাকার মৃত গোপাল মহন্তের ছেলে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সংশ্লিষ্ট মামলার মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের নির্দেশনায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪